জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০১

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জয়নাল উদ্দিনের গলায় সুলফি বিদ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শনিবার জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মো. কামাল মিয়া।


জানা যায়, গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে আশক আলী (১৫) ও রাজন (১৬) নামে দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা রামদা, বাঁশের লাঠি, লোহার রড ও সুলফিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইসলামপুর গ্রামের জয়নাল উদ্দিনের বসতবাড়িতে হামলা চালান।

 

 

 

 

 


হামলায় জয়নাল উদ্দিনের ঘাড় ও হাতে, জিয়াউর রহমানের পা ও কপালে, ছাবিনা বেগমের উরুতে, বদিউজ্জামানের চোখের নিচে ও পায়ে এবং জাছমিনা বেগমের মুখে আঘাত লাগে। এ সময় জয়নাল উদ্দিনের গলার ডান পাশ দিয়ে একটি সুলফি ঢুকে যায়। গলায় সুলফি বিদ্ধ থাকা অবস্থায়ই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাছমিনা বেগমকেও একই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হামলার পাশাপাশি হামলাকারীরা হয়রত আলীর বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে এবং জয়নাল উদ্দিনের ঘর থেকে ১ লাখ ৫২ হাজার টাকা নগদ, ২৪ বস্তা (আনুমানিক ৩০ মণ) ধান এবং কামাল মিয়ার বাড়ির ঘাট থেকে তিনটি ইঞ্জিনচালিত নৌকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 


থানায় দেওয়া লিখিত অভিযোগে ইসলাম উদ্দিন (৪৫), জম্মাত আলী (৫০), গোলাপ মিয়া (৩৫), মাসুক মিয়া (৩৩), সোহেল মিয়া (২৮), দিলোয়ার হোসেন (৩০), আজিজুল ইসলাম (৪৫), সবুজ মিয়া (২৮), রাসেল মিয়া (২৭), মিলন মিয়া (২০), তামান্না বেগম (৩২), রাজু আহমেদ (৩৫) ও শরজুল মিয়া (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী কামাল মিয়া জানান, ঘটনার পর অভিযুক্তরা পুনরায় হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আহতরা চিকিৎসাধীন থাকায় ঘটনার পরপরই থানায় অভিযোগ করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

 


জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ঘটনার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার