প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৩
রাধাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণ মন্দিরে ভাগবত জয়ন্তী মহোৎসব
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ পৌর শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী বিশ্বরূপ গোস্বামী জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলাসংকীর্তন এবং শ্রীমতী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ও ভাগবত জয়ন্তী মহোৎসব। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পৃথক দুইটি মন্দির প্রাঙ্গণে শুরু হবে এই ধর্মীয় আয়োজন।
শহরের কেন্দ্রস্থল শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে শ্রী শ্রী বিশ্বরূপ গোস্বামী জন্মতিথি উদযাপন কমিটির উদ্যোগে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী লীলাসংকীর্তন এবং বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের আয়োজনে রাধাকৃষ্ণ মন্দিরে ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর নয় দিনব্যাপী শ্রীমতী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ও ভাগবত জয়ন্তী মহোৎসব অনুষ্ঠিত হবে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় কালীবাড়ী মন্দিরে শ্রী শ্রী গীতা ও চৈতন্য চরিতামৃত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পাঠ করবেন শ্রীযুক্ত মহানামব্রত চক্রবর্তী। রাত ৯টায় অনুষ্ঠিত হবে লীলাসংকীর্তনের শুভ অধিবাস।
১৯ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে অষ্টপ্রহরব্যাপী লীলাসংকীর্তন। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তনদল অংশ নেবে। দোয়ারাবাজারের রাজন চন্দ্র দাস, বালাগঞ্জের রূপম ধর, ছাতকের কবিতা রানী দাস এবং শান্তিগঞ্জের মিটন দেব ও রিতা দেব কীর্তন পরিবেশন করবেন। এদিন দুপুর ১২টায় পূর্ব নতুনপাড়ার নিখিল দত্তের বাসায় গুরুমন্ত্র প্রদান এবং দুপুর ২টায় মন্দিরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় দধিভাণ্ড ভঞ্জন ও পূর্ণার মধ্য দিয়ে তিন দিনব্যাপী অষ্টপ্রহর লীলাসংকীর্তনের সমাপ্তি হবে।
আয়োজক কমিটির পক্ষে সভাপতি বিজয় সেন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ ও কোষাধ্যক্ষ দ্বিজেন দাশ সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অন্যদিকে সুনামগঞ্জ শহরের পশ্চিম নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী রাধাষ্টমী ও ভাগবত জয়ন্তী মহোৎসবের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের (কেন্দ্রীয় কমিটি, শ্রীঅদ্বৈতভূমি) পরিচালনায় এই উৎসব অনুষ্ঠিত হবে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় ভারতের শ্রীধাম রাধাকুণ্ডের শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের শুভ আগমন হবে। সন্ধ্যা ৬টায় গঙ্গাজল আনয়ন এবং রাত সাড়ে ৭টায় কলকাতার কীর্তনীয়া ধনঞ্জয় দাসের পরিবেশনায় শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে।
১৯ সেপ্টেম্বর শনিবার ভোর ৫টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ১০টায় শ্রীধাম বৃন্দাবনের শ্রীমৎ রাধাবল্লভ দাসের পৌরহিত্যে রাধারাণীর পূজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ১ মিনিটে মহা অভিষেক ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় ভাগবত পাঠ এবং রাত ৯টায় কলকাতার ‘শ্রী শ্রী গিরিধারী ডান্স গ্রুপ’—এর পরিবেশনায় ধর্মীয় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন শ্রীমদ্ভাগবত সপ্তাহের বিশেষ পাঠ ও ভক্তিমূলক আলোচনা অনুষ্ঠিত হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন