প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৯
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে শহরের চাঁদনী ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, স্কাউট দলের নেতৃবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, নদীর পাড়ে জমে থাকা ময়লা—আবর্জনার স্তূপ অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়।
.jpg)
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও যত্রতত্র ময়লা ফেলার অভ্যাসের কারণে রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। নিজেদের অসচেতনতার কারণে অন্যের পাশাপাশি নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তিনি বলেন, চাঁদনী ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা—আবর্জনা জমে থাকছে। দোকানদার, বাসাবাড়ির বাসিন্দা কিংবা নৌযানে চলাচলকারী— যে কেউ দায়িত্বহীনভাবে ময়লা ফেলছেন। এ ধরনের আচরণ আত্মঘাতী ও নির্বুদ্ধিতার শামিল।
জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেক দোকানের সামনে ডাস্টবিন রাখার ব্যবস্থা করতে হবে। ডাস্টবিন চুরি হওয়ার আশঙ্কা থাকলে তা নিরাপদভাবে বেঁধে রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
তিনি বলেন, কেউ যত্রতত্র ময়লা ফেললে অন্যদেরও সচেতনভাবে বাধা দিতে হবে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেখানে—সেখানে ময়লা, থুথু বা পানের পিক ফেলার অভ্যাস পরিহার করতে হবে।
যত্রতত্র ময়লা—আবর্জনা ফেললে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন পৌরসভা, একটি পরিচ্ছন্ন সুনামগঞ্জ গড়ে তুলতে চাই। এ কাজে সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন