প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১০
সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ আলী আক্তার নেন্টু (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি টিম সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব তেঘরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার আলী আক্তার নেন্টুর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আলী আক্তার নেন্টু পূর্ব তেঘরিয়া এলাকার আলী আকবরের ছেলে ও সুনামগঞ্জ মাদকবিরোধী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. নাদিমের আপন চাচা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব জানান, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০২০)—এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন