এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১

সংগৃহীত ছবি 

লা লিগায় হারের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আলভারো কারেরাস ও জুড বেলিংহাম একটি করে গোল করে রিয়ালের জয়ে অবদান রাখেন।

 

 

এই জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলেছে রিয়াল।

 

গত সপ্তাহে রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের পর এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ১৪ মিনিটে ডি-বক্সের মধ্যে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

 

 

এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস। এমবাপ্পের বাড়ানো পাস ধরে দারুণ শটে রায়োর জালে বল পাঠান রিয়ালের এই লেফট-ব্যাক।

 

প্রথমার্ধের ৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি আসে বেলিংহামের পা থেকে। ভিনিসিয়ুস জুনিয়রের কাট-ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। বিরতির ঠিক আগে এমবাপ্পের শক্তিশালী শট পোস্টে না লাগলে প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়াতে পারত রিয়াল।

 

 

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সার্জিও কামেলো গোল করে রায়োকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে এরপর আর স্বাগতিকদের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি সফরকারীরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে রিয়াল।

 

 

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে রিয়ালের চতুর্থ গোল। আরদা গুলেরের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। চলতি লা লিগায় এটি ফরাসি তারকার ষষ্ঠ গোল।

 

 

রায়ো ভায়েকানোর বিপক্ষে এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে শেষ ১৫ ম্যাচে ১৪তম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন জুড বেলিংহাম।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার