প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৯
আহবায়ক কলি তালুকদার, সদস্য সচিব বিমল বণিক
দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কাজে স্থবিরতার কারণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে সংগঠনের গতিশীলতা ফেরাতে ২১ সদস্যবিশিষ্ট একটি নতুন অ্যাডহক (আহ্বায়ক) কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনটির গঠনতন্ত্রের ১৩ ধারার ক্ষমতাবলে এ পদক্ষেপ নেওয়া হয়।
নবগঠিত এই অ্যাডহক কমিটিতে কলি তালুকদার আরতিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৭ নভেম্বর সুনামগঞ্জ জেলা শাখার সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ দিন পার হয়ে যাওয়ায় এবং সাংগঠনিক স্থবিরতা দেখা দেওয়ায় পুরনো কমিটি বাতিল করা হয়।
নবগঠিত অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিদ্ধার্থ এষ বলাই, বিমলাংশু রায়, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, নন্দন রায়, সন্তোষ রায় সন্তো, চঞ্চল কুমার লোহ, বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্তী, সুমন সাহা, বিধান চন্দ্র দাস, রাহুল দে পাপলু, বিপ্লব তালুকদার, সুজিত দেব, নির্মল চক্রবর্তী, স্বপন সরকার, সুমন দাশ সাগর এবং মিন্টু চৌধুরী।
কেন্দ্রীয় চিঠিতে আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে জেলা সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্রের ১১ (চ) ধারা অনুযায়ী ১০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন