প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০২
জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি
জামালগঞ্জের সাচনাবাজার এলাকায় বিষাক্ত রং মিশ্রিত ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ১ লাখ টাকা, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার টাকা ও হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরিফ উদ্দিন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোতে তৈরি খাদ্যদ্রব্যে ক্ষতিকারক ও ক্যানসার সৃষ্টিকারী শিল্পে ব্যবহৃত রং ব্যবহার করা হচ্ছিল, যা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত হয়। এছাড়া খাবার তৈরিতে প্রতারণার আশ্রয় নিয়ে পুরোনো মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে নতুন মেয়াদের লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছিল। যেমন—২০২৪ ও ২০২৫ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া পণ্যে যথাক্রমে ২০২৫ ও ২০২৬ সালের নতুন মেয়াদের স্টিকার বসিয়ে বাজারে ছাড়া হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জবলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদানের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রি—লেবেলিং করে বিক্রি করার অপরাধে তিনটি বেকারিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন