প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৬
সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। একই সাথে ভূমি অফিসের সব ধরনের সেবা অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্ন করার প্রতিশ্রম্নতিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা ভূমি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত অধিপরামর্শ সভায় এসি ল্যান্ড এসব কথা জানান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)—এর অনুপ্রেরণায় এই সভার আয়োজন করা হয়।
সভায় এসিল্যান্ড আদিত্য পাল জানান, সাধারণ মানুষকে নামজারি প্রক্রিয়ার বিষয়ে সচেতন করতে এবং সেবা সহজ করতে প্রতিটি ইউনিয়নে নিয়মিত 'ভূমি সেবা ক্যাম্প' ও অভিযোগ শুনানির জন্য ‘গণশুনানি’ পরিচালনা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নামজারির নির্ধারিত সরকারি ফি ১,১৭০ টাকার চেয়ে কেউ অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি অভিযোগ দেওয়ার অনুরোধ করা হচ্ছে, এমন প্রমাণ পাওয়া গেলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি সেবার সুবিধা বাড়লেও প্রচারের অভাবে সাধারণ মানুষ এখনও হয়রানির শিকার হচ্ছেন। এ ভুল ধারণা দূর করে ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে ডিজিটাল সেবার ব্যাপক প্রচারে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
সনাক সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানা’র সভাপতিত্বে ও টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় সেবা সহজীকরণে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করা হয়। এগুলো হলো— ভূমি অফিসকে শতভাগ দালালমুক্ত ঘোষণা ও দৃশ্যমান স্থানে এ সংক্রান্ত নোটিশ বোর্ড স্থাপন। ডিজিটাল সেবার মৌলিক তথ্য ও হালনাগাদ সিটিজেন চার্টার প্রদর্শন করা। সেবাগ্রহীতাদের—বিশেষ করে নারীদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা। অফিসে অভিযোগ বক্স স্থাপন, ওয়েব পোর্টাল এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ নিয়মিত আপডেট করা।
অধিপরামর্শ সভায় সনাক সুনামগঞ্জের সহ—সভাপতি হাছিনা আকতার চৌধুরী ও সুখেন্দু সেন, ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সনাক সদস্য অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য রুনা শাহীন আরা লেইছ, ইয়েস দলনেতা পার্থ সাহা এবং সাবেক দলনেতা পারমিতা রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন