দুর্বল ঈমানই সকল পরাজয়ের মূল: শিশির মনির

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯

দিরাই উপজেলার শ্যামারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে ঈমান, আল্লাহর অস্তিত্ব, মানবজীবন ও সময়ের দর্শন নিয়ে আলোচনা করেছেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার জুম্মার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনের শুরু ও শেষ, জন্ম—মৃত্যু এবং সময়ের প্রবাহের দিকে তাকালে আল্লাহর অসীম ক্ষমতা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তার সুযোগ তৈরি হয়।

 

 


আলোচনার শুরুতে তিনি কোরআনে হজরত ঈসা (আ.)—এর পিতৃপরিচয় ছাড়াই জন্মগ্রহণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গিতে পিতৃপরিচয়কে মানুষের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হলেও আল্লাহ তাআলা হজরত ঈসা (আ.)—কে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এর মাধ্যমে মানুষের প্রচলিত ধারণার বাইরে আল্লাহর সৃষ্টিশক্তির একটি বিশেষ নিদর্শন প্রকাশ পায়।
এরপর সময়কে উদাহরণ হিসেবে তুলে ধরে শিশির মনির বলেন, মানুষ শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে এগিয়ে যায়। কিন্তু সময় নিজের গতিতে চলতে থাকে। তিনি বলেন, আমরা সকলেই আসি, সকলেই যাই, সময় থেকে যায়। মানুষের সুখ—দুঃখ, জন্ম—মৃত্যু, উত্থান—পতনের মধ্য দিয়ে সময় এগিয়ে যায়—এ বিষয়টি মানুষের জন্য আল্লাহর ক্ষমতা ও সৃষ্টিজগতের বাস্তবতা নিয়ে চিন্তার সুযোগ তৈরি করে বলে তিনি উল্লেখ করেন।

 


বক্তব্যে তিনি মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ও তুলে ধরেন। তাঁর ভাষায়, শিশুকালে মানুষ থাকে দুরন্ত, যৌবনে থাকে শক্তিশালী ও কর্মক্ষম, কিন্তু বার্ধক্যে এসে শারীরিক সক্ষমতা কমে যায়। এ প্রসঙ্গে তিনি হাদিসের একটি বাণী উল্লেখ করে বলেন, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দেওয়া উচিত।


শিশির মনির বলেন, মুসলমানের জীবনে ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ঈমান দুর্বল হলে মানুষ সম্পদ, ক্ষমতা ও প্রভাবশালী ব্যক্তিদের শক্তির কাছে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর ঈমান দৃঢ় হলে মানুষের কাছে দুনিয়ার ক্ষমতা ও সম্পদের প্রভাব তুলনামূলকভাবে কমে আসে। তিনি বলেন, আমরা সম্পদের কাছে হেরে যাই, কারণ ঈমান দুর্বল। আমরা ক্ষমতার কাছে হেরে যাই, কারণ ঈমান দুর্বল।
তিনি আরও বলেন, মানুষের জীবনে সম্পদ, ক্ষমতা, বাড়ি—গাড়ি ও সামাজিক মর্যাদার গুরুত্ব থাকলেও মৃত্যুর পর এসবের সঙ্গে মানুষের ব্যক্তিগত সম্পর্ক থাকে না। তাই দুনিয়ার সম্পদ ও ক্ষমতার প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের ঈমান ও আত্মিক শক্তিকে দুর্বল করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

 


বক্তব্যের একপর্যায়ে মসজিদের মিম্বরের ভূমিকা নিয়েও কথা বলেন শিশির মনির। তিনি বলেন, মসজিদের মিম্বর শুধু আনুষ্ঠানিক ধর্মীয় আলোচনা বা সওয়াব—গুনাহর বিষয় তুলে ধরার জায়গা নয়, বরং ইসলামের মৌলিক শিক্ষা, ঈমান, ন্যায়বিচার এবং মানুষের নৈতিক দায়িত্বের বিষয়েও আলোচনা হওয়া প্রয়োজন। তিনি বলেন, এই মিম্বর থেকে হওয়া উচিত ছিল ক্ষমতাবানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। এই মিম্বর থেকে হওয়া উচিত ছিল সম্পদশালীর বেআইনিভাবে সম্পদ ব্যবহার করাকে চ্যালেঞ্জ করা।

 


শিশির মনির তাঁর বক্তব্যে শ্যামারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের আলোচনার প্রশংসা করেন। তিনি বলেন, ঈমান ও আল্লাহর ওপর বিশ্বাসের মতো ইসলামের মৌলিক বিষয় নিয়ে মসজিদে গভীর আলোচনা হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ইসলামের কথা বলতে গিয়ে কে ক্ষমতাবান বা কে ক্ষমতাবান নন— সেদিকে তাকানো উচিত নয়। ইসলামের শিক্ষা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যের শেষ দিকে তিনি শ্যামারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ধরনের আলোচনা অব্যাহত রাখার জন্য ইমামকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের অন্যান্য মসজিদেও ঈমান ও দ্বীনের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক কামনা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার