কমিটমেন্ট ও পারিবারিক মূল্যবোধই  সফলতার মূল চাবিকাঠি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৪

বাবার শাসন, মায়ের ভালোবাসা ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরলেন কলিম উদ্দিন আহমেদ মিলন

মানুষের জীবনে পরিবার, শৈশবের স্মৃতি, মূল্যবোধ ও মানুষের প্রতি দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের শৈশবের স্মৃতি ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

 


বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘মানুষের মুখ, অন্তরের কথা’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের শৈশব, বাবা—মায়ের স্মৃতি, পরিবার এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে কথা বলেন তিনি।

 


শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, তাঁর বাবা লেখাপড়ার বিষয়ে খুবই সচেতন ছিলেন। ছুটিতে বাড়িতে এলেও সন্ধ্যার পর বই নিয়ে বসতে হতো। তাঁর বাবা মনে করতেন, লেখাপড়ার ধারাবাহিকতা নষ্ট হলে পড়াশোনার অভ্যাসও নষ্ট হয়ে যেতে পারে। বাবার সেই শিক্ষাই এখনো তাঁকে পথ দেখায় বলে জানান তিনি।
নিজের সন্তানদের শিক্ষাজীবন নিয়েও কথা বলেন কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি জানান, তাঁর তিন মেয়ে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু করেছেন। বর্তমানে তাঁদের একজন ব্যাংক কর্মকর্তা, একজন জার্মানিতে পিএইচডি করছেন এবং আরেকজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

 


নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়ের স্মৃতিও তুলে ধরেন তিনি। আন্দোলন—সংগ্রামের সময় অর্থকষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় পরিচিত ব্যক্তিদের কাছে টাকা ধার নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়েছে। সেই কঠিন সময়ে যারা সহযোগিতা করেছেন, তাঁদের কথা এখনো কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

 


শৈশবের সময়ের কোন বিষয়গুলো এখন সবচেয়ে বেশি মনে পড়ে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের সময়ে মা—বাবা ও শিক্ষকদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, বর্তমান সময়ে তা অনেকটাই কমে গেছে বলে তিনি মনে করেন। তবে একই সঙ্গে বর্তমান সময়ের নানা অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি।

 


তিনি বলেন, পারিবারিক শিক্ষা এবং মনুষ্যত্ব এগুলোর বিসর্জন যাতে না দিতে হয়, না দেওয়া হয়, সেটা সবার লক্ষ্য রাখা উচিত।


দীর্ঘ রাজনৈতিক জীবনের উদ্দেশ্য সম্পর্কে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, তিনি ছোটবেলা থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ১৯৬৮ সালে ছাত্র সংগঠনের মিছিলে হাফপ্যান্ট পরে স্লোগান দেওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, তিনি সবসময় একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেশের ও দেশের মানুষের জন্য কমিটেড।
পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁর স্ত্রী তাঁর এলোমেলো রাজনৈতিক জীবনের পুরোটা সময় নীরবে সহযোগিতা করে গেছেন। সন্তানরাও কখনো তাঁদের কোনো অভাব—অভিযোগ তাঁর সামনে তুলে ধরেনি বলে জানান তিনি।

 


মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কলিম উদ্দিন আহমেদ মিলন। মায়ের স্নেহ, মায়া—মমতা এবং নিজের জন্য খাবার তৈরি করে দেওয়ার সময়গুলো তিনি এখনো মিস করেন বলে জানান। একই সঙ্গে ছোটবেলায় মায়ের কঠোর শাসনের কথাও স্মরণ করেন তিনি।

 


তিনি বলেন, ছোটবেলায় ভুল—ত্রুটি করা, দেরিতে বাড়ি ফেরা, খেলতে দেরি হওয়া কিংবা পরীক্ষায় প্রত্যাশিত ফল না করার কারণে মায়ের শাসনের মুখোমুখি হতে হতো। তবে সেই শাসনই পরবর্তীতে তাঁকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দিয়েছে বলে জানান তিনি।

 


মায়ের কাছে কি এখনো নিজেকে ছোট সন্তান মনে হয়?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মায়ের কাছে কখনো মনে হয় না যে আমি বড় হয়ে গেছি। মায়ের শাসনের স্মৃতি তাঁকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয় বলেও জানান তিনি। মাকে উদ্দেশ করে তিনি বলেন, মায়ের কোনো তুলনা হয় না। আমার সবসময় মা থাকে ও থাকবে। মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথাও প্রকাশ করেন তিনি।

 


অনুষ্ঠানের শেষদিকে ‘মানুষ’ শব্দের সংজ্ঞা দিতে গিয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, মানুষ স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাই মানুষের কিছু নীতি ও মূল্যবোধ থাকা প্রয়োজন। তাঁর মতে, মানুষের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত—কখনো যেন অমানুষ হয়ে না যায়। তিনি বলেন, আমার কাছে মানুষের সংজ্ঞা এটাই যে, সে যেন কখনো অমানুষ হয়ে না যায়। লক্ষ্য রাখতে হবে, যাতে মানুষের খাতাতেই থাকে।

 


‘মানুষের মুখ, অন্তরের কথা’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাতে প্রচারিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন খায়রুল ইসলাম তুফান। অনুষ্ঠান বাস্তবায়ন করে ‘পজিটিভ থিংক’ ও চ্যানেল আই।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার