নিরাপত্তায় চাই সিসিটিভি, স্বেচ্ছাসেবক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৬

ধর্মপাশায় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মপাশায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুুরে উপজেলা বৈদিক কার্যালয়ে সংগঠনের উপজেলা শাখার সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকারের পরিচালনায় আলোচনায় সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, গুজব প্রতিরোধ, নারী—শিশু ও বয়স্কদের নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মনি কাঞ্চন দাশ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি আত্মপরিচয়, ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মিলনমেলা। ধর্ম যার যার, উৎসব সবার- এই সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে। 
তিনি বলেন, তরুণ সমাজকে পূজামণ্ডপের শৃঙ্খলা রক্ষা, প্রবীণদের সহযোগিতা এবং নারী ও শিশুদের নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো গুজব বা অপ্রমাণিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যাবে না। কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে নিজের হাতে আইন তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানাতে হবে।

 


মনি কাঞ্চন দাশ আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে বৈদ্যুতিক সংযোগ, আলোকসজ্জা, প্রবেশ ও বের হওয়ার পথ, অগ্নিনিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি যোগাযোগব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে। নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ও ব্যাকআপ লাইটের ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক দল গঠন করে দায়িত্ব ভাগ করে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

 


সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি, জেনারেটর, ব্যাকআপ লাইট ও স্বেচ্ছাসেবক দল গঠনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আইন নিজের হাতে না নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ—সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, জেলা কমিটির সদস্য অসীম চন্দ্র শীল, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দীপক চন্দ্র সরকার, নবনী দাস, যুগ্ম সম্পাদক চয়ন কান্তি দাস, প্রচার সম্পাদক অরবিন্দ পাল আনন্দ, সম্মানিত সদস্য পীযুষ সরকার। এ সময় ধর্মপাশা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার