প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৫
দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দিয়েছেন সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকেরা। একই সঙ্গে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।
শুক্রবার শহরের একটি স্থানীয় গেস্ট হাউজের কনফারেন্স হলে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তারা এ অঙ্গীকার করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)—এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ—এর ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট’ (ইয়েস) গ্রুপ এই কর্মশালার আয়োজন করে। এতে জেলার তরুণ নেতৃত্বাধীন ৩৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৬ জন প্রতিনিধি অংশ নেন।
.jpg)
সনাক সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো—অর্ডিনেটর মো. আতিকুর রহমান। তিনি মূল আলোচনায় দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন, এর উপাদান এবং সুশাসনের ঘাটতির প্রভাব নিয়ে বিশদ আলোকপাত করেন।
কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নিয়ে বক্তব্য দেন টিআইবি’র সিলেট ক্লাস্টার কো—অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম। তথ্য অধিকার আইনের প্রয়োগ কৌশল ও করণীয় বিষয়ে আলোচনা করেন সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কো—অর্ডিনেটর মো. হোজ্জাতুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাক সুনামগঞ্জের ইয়েস বিষয়ক উপ—কমিটির আহ্বায়ক দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস।
কর্মশালায় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, আস্থা যুব ফোরাম (রূপান্তর), বন্ধুসভা (প্রথম আলো), হেলথ ওয়াচ যুব ফোরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রোভার স্কাউট, বিএনসিসি, বাঁধন, সুরমা যুব ফোরাম, ওয়ার্ল্ড ভিশন যুব ফোরাম, বিশ্বজন, সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি, লাল সবুজ সোসাইটি, আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠন, এক্সটেন্ড লজিক ডিবেটিং সোসাইটি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, সনাতনী বিদ্যার্থী সংসদ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ব্লাড লিংক, ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন, সন্ধানী যুব ফোরাম, সিএসটুআইটি, এইডিং হার্টস, ই—স্পোর্টস, হাওর ও নদী রক্ষা আন্দোলন, নাগরিক তথ্য অধিকার ফোরাম, স্বপ্তসুর সাংস্কৃতিক সংঘ, স্পন্দন, বন্ধন থিয়েটার, থিয়েটার সুনামগঞ্জ, হিস্ট্রি ক্লাব, সুনামগঞ্জ সরকারি কলেজ ও মাদকবিরোধী ঐক্য পরিষদ ইত্যাদি সংগঠন এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহণকারী তরুণ সংগঠকেরা নিজ নিজ সংগঠনের অবস্থান থেকে সুশাসন নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রম্নতি দেন এবং দুর্নীতি প্রতিরোধে একযোগে কাজ করার শপথ গ্রহণ করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন