৮ হাজার শিক্ষার্থীর সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রাবাস নেই, আবাসন সংকট চরমে

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০

প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সুনামগঞ্জ সরকারি কলেজে বর্তমানে কোনো ছাত্রাবাস নেই। দীর্ঘদিনের এ আবাসন সংকটে দূর—দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। কলেজের নবীনবরণ অনুষ্ঠানেও শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রাবাস নির্মাণের দাবি উঠে। এ নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় কথা বলেছেন সুনামগঞ্জ সরকারি কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: প্রায় ৮ হাজার শিক্ষার্থীর কলেজে ছাত্রাবাস না থাকা বিষয়টিকে কীভাবে দেখছেন?
সাদিকুর রহমান চৌধুরী: সুনামগঞ্জ সরকারি কলেজ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে এত শিক্ষার্থী থাকলেও ছাত্রাবাস না থাকা দুঃখজনক। দূর—দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা প্রয়োজন। একসময় কলেজে দুটি ছাত্রাবাস ছিল। এর ধ্যে একটি মুসলিম ছাত্রাবাস এবং অন্যটি কৃষ্ণচন্দ্র ছাত্রাবাস। পরবর্তীতে মুসলিম ছাত্রাবাসের জায়গায় মহিলা ছাত্রীবাস নির্মাণ করা হলেও শিক্ষার্থীদের জন্য নতুন ছাত্রাবাসের ব্যবস্থা করা হয়নি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: একসময় দুটি ছাত্রাবাস ছিল, এখন একটিও নেই—এর কারণ কী?
সাদিকুর রহমান চৌধুরী: মুসলিম ছাত্রাবাসটি ভেঙে সেখানে দ্বিতীয় মহিলা ছাত্রাবাস করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রাবাসের দাবিতে আন্দোলন, স্মারকলিপি ও বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছিল। পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস নির্মাণ করা হয়নি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: দূর—দূরান্তের শিক্ষার্থীদের আবাসন সংকট কতটা প্রকট?
সাদিকুর রহমান চৌধুরী: সুনামগঞ্জ সরকারি কলেজে স্থানীয় শিক্ষার্থীর তুলনায় জেলার বিভিন্ন উপজেলা ও দূর—দূরান্ত থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা বেশি। হাওর এলাকার অনেক শিক্ষার্থীর পরিবার কৃষিনির্ভর। তাদের অনেকের পরিবারের আর্থিক সামর্থ্যও সীমিত। ফলে কলেজে ভর্তি হওয়ার পর আবাসনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে হলে তাদের জন্য শিক্ষাবান্ধব ও আবাসন সুবিধাসম্পন্ন পরিবেশ তৈরি করা প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: নবীনবরণ অনুষ্ঠানেও ছাত্রাবাসের দাবি উঠেছে। এখন করণীয় কী?
সাদিকুর রহমান চৌধুরী: নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রাবাসের দাবি ওঠার আগেই বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল ইতোমধ্যে একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। পুরোনো কৃষ্ণচন্দ্র ছাত্রাবাসের জায়গায় একটি নতুন ১০ তলা ভবন নির্মাণ করে সেখানে ৫০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে। আগামী মার্চের দিকে এ বিষয়ে অগ্রগতি হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ছাত্রাবাস নির্মাণে প্রশাসন ও সরকারের কাছে আপনাদের দাবি কী?
সাদিকুর রহমান চৌধুরী: পুরোনো কৃষ্ণচন্দ্র ছাত্রাবাসের জায়গাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে শিক্ষার্থীবান্ধব একটি ছাত্রাবাস নির্মাণের দাবি জানাই। নতুন ছাত্রাবাসে কোনো ধরনের ধর্মীয় বা দলীয় ভেদাভেদ না রেখে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। দল—মত ও ধর্ম—বর্ণের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও ভালো হবে এবং কলেজের সামগ্রিক শিক্ষার পরিবেশও উন্নত হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার