প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৮
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর ছেলে ইনান চৌধুরী। সভায় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার সন্ধ্যায় শহরের আরপিননগর এলাকায় ইনান চৌধুরীর নিজ বাসভবনে মতবিনিময় সভা হয়। শিক্ষাবিদ যোগেশ^র দাশের সভাপতিত্বে এবং বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্রেস কুমার রায় বাপ্পি, পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্মশানঘাট কমিটির সভাপতি অরুণ চন্দ্র দে, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমসু, জন্মাষ্টমী কমিটির সভাপতি সন্তোষ রায়, শিরিন চৌধুরী ও আবুল হোসেন ছোট মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনান চৌধুরী বলেন, আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমার বাবা সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরী একসময় এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আপনারা এবং এলাকার মুরুব্বিরা সহযোগিতা করেছিলেন বলেই তিনি ইতিবাচক অবস্থান তৈরি করতে পেরেছিলেন। আমার জন্ম ও বেড়ে উঠা এই আরপিননগরে। আপনাদের সহযোগিতা ও অকৃত্রিম ভালোবাসায় এই এলাকা থেকে অতীতেও অনেক বড় বড় ব্যক্তিত্ব তৈরি হয়েছেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় পর্ব শেষে ইনান চৌধুরী পৌর শহরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন