প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৯
সভাপতি নোমান, সম্পাদক দুলাল, সাংগঠনিক ইমরান
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার সাতগাঁও জীবদারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ। সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাল্লা উপজেলার শাহিদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল। সাংগঠনিক সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হাসান।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২ উপজেলা থেকে তিনজন করে মোট ৩৬ জন ভোটার এতে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে নোমান আহমদ ১৭ ভোট, মোহাম্মদ আব্দুল সাত্তার ১২ ভোট এবং মো. আতাউর রহমান ৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আরিফ মোহাম্মদ দুলাল ২১ ভোট এবং মো. ইকবাল হোসেন ১৫ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হাসান ১৯ ভোট, মো. মনির হোসেন ১৫ ভোট এবং মো. নূর হোসেন ২ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, তাহিরপুরের বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল ইসলাম, দিরাই মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন এবং দোয়ারাবাজারের হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাফিজ আলী।
নির্বাচন পরিচালনায় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন মো. ইনচান মিঞা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোদাচ্ছির আলম ও শেখ মো. নজরুল ইসলাম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন