প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩০
দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দুর্গম জুমগাঁও এলাকায় বসবাসকারী প্রান্তিক খাসিয়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় এগিয়ে এসেছে ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘উপশম প্লাস’। আধুনিক টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে শনিবার বিকালে স্থানীয়দের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
বাংলাবাজার ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা এ এলাকায় সরেজমিনে চিকিৎসাসেবা দেন ডা. আরশি ও ডা. শুভজিৎ। উদ্যোগটিতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক’ ও দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ফেম আইটি নেটওয়ার্কস’।
উন্নত ইন্টারনেট সংযোগ ও আধুনিক মেডিকেল ডিভাইসের মাধ্যমে রোগীর বিভিন্ন শারীরবৃত্তীয় তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানোর ব্যবস্থা রয়েছে ‘উপশম প্লাস’—এ। ডিজিটাল স্টেথোস্কোপ, অটোস্কোপ ও ডার্মাটোস্কোপের মতো ডিভাইসের সাহায্যে দূর থেকেই রোগীর বিভিন্ন শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা যায়।
উদ্যোগটির মূল উদ্যোক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডা. মারুফ হোসাইন। তিনি বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবার সার্বিক চিত্র বদলে দিতেই আমরা ‘উপশম প্লাস’ চালু করেছি। মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
‘উপশম প্লাস’—এর চিফ প্রোগ্রাম অফিসার এস. এম. ফাহিম ফারহাত বলেন, স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ ও আধুনিক মেডিকেল কিটের সমন্বয়ে দুর্গম এলাকার রোগীদের সঙ্গে শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি নির্ভরযোগ্য সংযোগ তৈরি করা সম্ভব হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন