শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৮

সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

জেলার বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র হলরুমে সভা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এ কর্মসূচির আয়োজন করে। সনাক ও সনাক’র তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর শতাধিক সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

 

সনাক সভাপতি কানিজ সুলতানা—এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর—সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ—সভাপতি হাছিনা আক্তার চৌধুরী, শিক্ষা বিষয়ক উপ—কমিটি’র সহ—আহ্বায়ক রুনা শাহীন আরা লেইছ, স্বাস্থ্য বিষয়ক উপ—কমিটি’র আহ্বায়ক নুরুর রব চৌধুরী, ভূমি বিষয়ক উপ—কমিটি’র আহ্বায়ক অ্যাড. নাজনীন বেগম, সনাক সদস্য এন্ড্রু জুয়েল সলমার ও ইয়েস বিষয়ক উপ—কমিটি’র আহ্বায়ক দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস প্রমুখ। 

 


অনুষ্ঠানের লক্ষ্য—উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি’র সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: আরিফুল ইসলাম এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম। 
অনুষ্ঠানে বক্তাগণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়, স্বেচ্ছাব্রতী টেকসই দুর্নীতিবিরোধী আন্দোলন এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অধিকতর সম্পৃক্তকরণে সমমনা সংগঠনের সাথে কার্যকর নেটওয়ার্কিং কৌশল বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বক্তাগণ সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। 

আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সহ—সভাপতি সুখেন্দু সেন সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার