প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪১
দোয়ারাবাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি মিলন
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহবায়ক ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যারা টেন্ডার ও বিভিন্ন তদবির—বাণিজ্যের মাধ্যমে অনৈতিকভাবে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছে, তারাই আজ দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শান্তিশৃঙ্খলা নষ্ট করছে। এই অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশবিরোধী সন্ত্রাস করছে। বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না।
নেতাকর্মীদের উদ্দেশে এমপি মিলন বলেন, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে যারা অশান্তি সৃষ্টির পরিকল্পনা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যেসব দোসর বিগত দিনে জনগণের অর্থ আত্মসাৎ করেছে, তারাই বিভিন্ন জায়গা থেকে অর্থের মাধ্যমে মদদ দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমরা পেটের ভেতর হাত দিয়ে অবৈধ এসব অর্থ বের করে নিয়ে আসব।
কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসরদের দাঁতভাঙা জবাব দিতে হবে। যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ। যেখানেই নৈরাজ্যের পাঁয়তারা, পরিকল্পিত সন্ত্রাসের পাঁয়তারা, সেখানেই প্রতিরোধ করতে হবে।
এ সময় তিনি ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘ফ্যাসিস্টের দোসররা হুঁশিয়ার—সাবধান’, ‘যেখানেই নৈরাজ্য, সেখানেই প্রতিরোধ’ এবং ‘যেখানে সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ’ সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়, সদস্য সচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন সিহাবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন