প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সভাপতি শেরগুল আহমেদ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
বিতর্ক প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে মাধ্যমিক পর্যায়ের সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলার মোট ৯টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। ‘খ’ গ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায়ের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান—সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ ও শাহজালাল মহাবিদ্যালয় (জগন্নাথপুর) অংশ নেয়। ‘গ’ গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ সরকারি কলেজ অংশ নেয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যুক্তি—তর্কের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চিন্তা ও চর্চার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে নজরুলের ভাবনার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন