প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৬
জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত
জগন্নাথপুরে সরকারি রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো টেন্ডার বা কমিটি গঠন ছাড়াই নিজের পছন্দমতো নিম্নমানের পোনামাছ সংগ্রহ করে তিনি তা অবমুক্ত করেন।
অনুসন্ধানে জানা যায়, রাজস্ব খাতের এক লাখ টাকা বরাদ্দের পোনামাছ প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তকরণের জন্য ই—টেন্ডারে কয়েকজন ঠিকাদার কাগজপত্র দাখিল করলেও বিভ্রান্তিকর অজুহাত দেখিয়ে ই—টেন্ডার প্রক্রিয়া বাতিল করেন মৎস্য কর্মকর্তা। পরে তিনি নিজেই পোনামাছ কিনে অবমুক্ত করেন।
এদিকে পোনামাছ অবমুক্ত করার উদ্ধোধনী অনুষ্ঠানে সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের পুকুরে অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করেন।
পোনামাছ অবমুক্ত করার দরপত্রে অংশ নেয়া ঠিকাদার জুয়েল আহমেদ অভিযোগ করেন, নিয়ম মেনে টেন্ডার ড্রপ করা সত্ত্বেও মৎস্য কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে তা বাতিল করেন। কাউকেই স্বাভাবিক নিয়মে টেন্ডার ফেলতে দেওয়া হয়নি এবং মৎস্য কার্যালয় নিজেদের ব্যবস্থাপনায় নিম্নমানের পোনা নিয়ে আসে।
পোনামাছ অবমুক্তে অংশগ্রহণকারীরা বলেন, তড়িঘড়ি করে ২৬৭ কেজি পোনামাছ সরবরাহ ও বিতরণ করার নামে নামমাত্র পোনা অবমুক্ত করে মৎস্য কর্মকর্তা অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন। এমনকি স্থানীয় সাংবাদিকদের পোনাঅবমুক্ত করার খবর জানানো হয়নি।
জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমদ হামজা জানান, কোনো নিয়ম—নীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়া পোনা কেনা ও বিতরণ করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
যাবতীয় অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন দাবি করেন, সরকারি সকল বিধি—বিধান ও নিয়ম মেনেই পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, পোনামাছ অবমুক্ত করার উদ্ধোধনী অনুষ্ঠানে কিছুটা অব্যবস্থাপনা ছিল। এ নিয়ে মৎস্য কর্মকর্তাকে সর্তক করা হয়েছে। অনিয়মের অভিযোগ পেলে তদন্তপূর্বক পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন