প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০২
প্রতীকী ছবি।
স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন দ্রুত আয়োজনের জন্য সকল জেলা প্রশাসককে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। চিঠিতে আগামী অক্টোবর মাসের মধ্যে তফসিল ঘোষণা ও নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত চিঠি দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হলো, ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
এমতাবস্থায়, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের নির্ধারিত পদ্ধতি অনুসরণে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অক্টোবর মাসের মধ্যে তফশিল ঘোষণা এবং নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো। চিঠিতে ক্রীড়া সংস্থায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার কথা জানানো হলেও চিঠি ইস্যুর এক সপ্তাহ পরও কোন ব্যবস্থা নেয় নি সুনামগঞ্জ জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান বলেন, চিঠি আমাদের কার্যালয়ে এসেছে। যথাযথ প্রক্রিয়া শেষে ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন