স্নাতক পর্যায়ে চ্যাম্পিয়ন ও উচ্চ মাধ্যমিকে রানার্সআপ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৪

নজরুল বর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় সুনামগঞ্জ সরকারি কলেজ

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে 'নজরুল বর্ষ' উপলক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। প্রতিযোগিতায় স্নাতক (ডিগ্রি/অনার্স) পর্যায়ে চ্যাম্পিয়ন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটির বিতার্কিকরা।

প্রতিযোগিতার স্নাতক পর্যায়ের চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইনালের বিতর্কের নির্ধারিত বিষয় ছিল—টাঙ্গুয়ার হাওরে পর্যটন উন্নয়ন নয়, পরিবেশ সংরক্ষণই অগ্রাধিকার পাওয়া উচিত।
এই বিষয়ে প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের বিতার্কিকরা টাঙ্গুয়ার হাওরের অনন্য জীববৈচিত্র্য, জলাভূমির স্পর্শকাতর প্রতিবেশ, স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং অনিয়ন্ত্রিত পর্যটনের ক্ষতিকর দিকগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেন। চমৎকার যুক্তিনির্ভর বক্তব্য, সঠিক তথ্য-উপাত্ত, সাবলীল উপস্থাপনা ও দক্ষ খণ্ডনের মাধ্যমে তারা বিজয় ছিনিয়ে আনে। এ পর্যায়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল—হাওর অঞ্চলের টেকসই জলবায়ু সহনশীলতা অর্জনে ভৌত অবকাঠামোগত উন্নয়নের চেয়ে প্রাকৃতিক ইকোসিস্টেম পুনঃপ্রতিষ্ঠাই সর্বাত্মক সমাধান। এই পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ১ম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সুনামগঞ্জ সরকারি কলেজের এই অনন্য বিজয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, যুক্তিবোধ, উপস্থিত বুদ্ধি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শিতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

কলেজের এই যৌথ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও বিতর্ক সংগঠনের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। বিজয়ী দলের সকল সদস্যকে সুনামগঞ্জ সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার