শাল্লার হাওর ও জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৯

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শাল্লা উপজেলার বিভিন্ন হাওর, নদী ও জলাশয়ে ২৬৩ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

 


মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২০২৬—২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ জলাশয়ে এসব পোনামাছ ছাড়া হয়। অবমুক্তকৃত পোনামাছের আকার ছিল ১০ থেকে ১৫ সেন্টিমিটার। পোনামাছ অবমুক্ত করা স্থানগুলোর মধ্যে রয়েছে— উপজেলা ভূমি অফিসের জলাশয়, থানা জলাশয়, থানা মসজিদের জলাশয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের জলাশয়, ছায়ার হাওরের একাংশ এবং দাঁড়াইন নদী।

 


শাল্লা উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল।

 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, সমবায় কর্মকর্তা আব্দুল মুহিত এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম। এছাড়া বিএনপি নেতা সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পোনামাছ অবমুক্তকরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদার বলেন, হাওর ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোতে মাছের প্রাপ্যতা বাড়বে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় কেবল পোনামাছ ছাড়লেই হবে না, জলাশয়গুলোতে মাছের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার