পড়তে পড়তেই পাঠক, লিখতে লিখতেই লেখক

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৬:৪৪

লেখালেখি কর্মশালায় কবি ও লেখক ইকবাল কাগজী

ছবি-সু.খবর

‘পড়তে পড়তে পাঠক, আর লিখতে লিখতে লেখক’ অর্থাৎ নিয়মিত পড়াশোনা ও লেখালেখির মধ্য দিয়েই একজন মানুষের লেখকসত্তা বিকশিত হয় বলে মন্তব্য করেছেন কবি ও লেখক ইকবাল কাগজী। তিনি বলেছেন, লেখালেখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভেতরের অনুপ্রেরণা। কাউকে জোর করে লেখক বা কবি বানানো সম্ভব নয়।


শনিবার সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত লেখালেখি কর্মশালায় তিনি এসব কথা বলেন।


ইকবাল কাগজী বলেন, আপনি লিখবেন না, কবি হতে পারবেন না। আপনি পড়বেন না, কবি হতে পারবেন না। কবি হলে পড়তে হবে, আর লিখতে হবে। তার মতে, একজন কবি বা লেখক তার ভেতর থেকেই লেখার অনুপ্রেরণা পান। সেই অনুপ্রেরণা তৈরি না হলে কাউকে বুঝিয়ে বা বাধ্য করে লেখানো সম্ভব নয়।


তিনি বলেন, লালন, কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ জোর করে লেখক বা কবি বানাননি। তাদের নিজেদের ভেতর থেকেই লেখার অনুপ্রেরণা তৈরি হয়েছিল। একইভাবে নতুন প্রজন্মের লেখকদেরও নিজেদের ভেতর থেকে লেখার তাগিদ তৈরি করতে হবে।

 


কবিতা লেখার ক্ষেত্রে ছন্দের প্রসঙ্গে ইকবাল কাগজী বলেন, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত—ছন্দের এসব বিষয় অনেকের কাছে জটিল মনে হতে পারে। ছন্দের নিয়ম মেনে কবিতা লিখতে গিয়ে অনেক সময় কবিতার স্বাভাবিকতা নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। এসময় তিনি ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার ধারণার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কবিতা হলো স্বতঃস্ফূর্ত অনুভূতির শক্তিময় প্রকাশ। তার নিজের ভাষায়, শব্দের পর শব্দ সাজালেই কবিতা হয় না। সেরা এবং যথার্থ শব্দের প্রকাশ ঘটে ও ভাবের উপযুক্ত প্রকাশই হচ্ছে কবিতা।

 


কর্মশালায় একজন অংশগ্রহণকারী ‘অসীম শূন্যতা’ কবিতা পাঠ করেন এবং কবিতাটির বিভিন্ন দিক তুলে ধরে ছন্দ ও মাত্রার বিষয়টি নিয়ে প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করেন। এ সময় প্রশিক্ষক ইকবাল কাগজীর কবিতার ছন্দ ও মাত্রা নির্ধারণের বিভিন্ন দিক বোর্ডে লিখে ব্যাখ্যা করেন। তিনি অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত ও মাত্রাবৃত্তের নিয়ম এবং মাত্রা গণনার পদ্ধতি উদাহরণের মাধ্যমে তুলে ধরেন। কবি শামসুর রাহমানের কবিতার উদাহরণ দিয়ে অক্ষরবৃত্ত ও মাত্রার ব্যবহারও ব্যাখ্যা করেন। 
ইকবাল কাগজী বলেন, লেখালেখি শুধু শব্দ সাজানোর বিষয় নয়। একজন লেখককে শব্দের যথার্থ ব্যবহার জানতে হবে এবং যে ভাব প্রকাশ করতে চান, তার সঙ্গে সামঞ্জস্য রেখে শব্দ নির্বাচন করতে হবে। একই সঙ্গে নিয়মিত পড়াশোনা ও লেখার অভ্যাস গড়ে তুলতে হবে।

 


তিনি কর্মশালায় অংশ নেওয়া তরুণ লেখকদের উদ্দেশে বলেন, লেখার ক্ষেত্রে ভুল—ত্রুটি থাকতেই পারে। অন্যের কাছ থেকে নিজের লেখার ত্রুটি—বিচ্যুতি জেনে তা সংশোধন করার মানসিকতা একজন লেখককে আরও ভালো লেখক হয়ে উঠতে সাহায্য করে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার