মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২৩:৫৫

‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী পরিচালিত সাংগঠনিক মাস ২০২৬—এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির পর্দা নামে।

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। সূচনাতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শাখার সহ—সাধারণ সম্পাদক সবিতা বীর। এরপর পুরো মাসে বাস্তবায়িত কর্মসূচির বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী।

 

 

 

 

 

 


উল্লেখ্য, কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী সদস্য নবায়নের মধ্য দিয়ে এই বছরের সাংগঠনিক মাসের সূচনা করা হয়েছিল। মাসজুড়ে জেলা শাখার আওতাধীন প্রতিটি তৃণমূল শাখায় কর্মীসভা, আলোচনা সভা, মতবিনিময় সভা, শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে তৃণমূলের নারী—পুরুষ ও তরুণ প্রজন্মের কাছে সংগঠনের মূল বার্তা পৌঁছে দেয়া হয়।

 


সাংগঠনিক মাস উপলক্ষে জেলা শাখার বিভিন্ন উপ—পরিষদ একাধিক বিষয়ভিত্তিক সচেতনতামূলক ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন করে। এর মধ্যে রয়েছে— স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপ—পরিষদের উদ্যোগে ‘পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী স্বাস্থ্য অধিকার নিশ্চিত হোক’ শীর্ষক আলোচনা সভা। আন্দোলন উপ—পরিষদের উদ্যোগে ‘নারীর সম অধিকার প্রতিষ্ঠা ও বাংলাদেশ মহিলা পরিষদ’ বিষয়ক সভা। লিগ্যাল এইড উপ—পরিষদের উদ্যোগে ‘নারীর আইনগত অধিকার’ বিষয়ক সচেতনতামূলক সভা। অর্থ উপ—পরিষদের উদ্যোগে ‘আর্থিক সিদ্ধান্ত গ্রহণে নারী’ বিষয়ক আলোচনা। শিক্ষা ও সাংস্কৃতিক উপ—পরিষদের উদ্যোগে ‘গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রশিক্ষণ ও গবেষণা উপ—পরিষদের উদ্যোগে তরুণীদের সুরক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে ‘সাংগঠনিক প্রশিক্ষণ’ কর্মসূচি।

 


সমাপনী পর্বে তৃণমূলের সংগঠকবৃন্দ সাংগঠনিক মাস পালনের সুদীর্ঘ অভিজ্ঞতা ও অনুভূতি বিনিময় করেন। এরপর এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী শুভ্রা তালুকদার এবং সুনামগঞ্জ সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পী প্রিয়া পাল, পৌষী দেব ও চন্দ্রা দেব। অনুষ্ঠানের শেষভাগে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। শপথ গ্রহণের মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে নারী অধিকার আন্দোলনের এই সমাপনী আয়োজনের সমাপ্তি ঘটে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার