বৃষ্টির কমতি, হাওর-নদীর পরিবেশে প্রভাবের আশঙ্কা

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২৩:৫৩

দ্রুত পানি কমায় বাড়ছে হাওর ও মৎস্যসম্পদের সংকট

সিলেট বিভাগে সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় ৪৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জের উজানে ভারতের মেঘালয়েও বৃষ্টিপাতের ঘাটতি দেখা গেছে। এতে জেলার নদ—নদী, হাওর, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বৃষ্টিপাতের ঘাটতির পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাব এবং নদ—নদী ও হাওরের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় করণীয় নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় আলোচনা করেন সিলেট বিভাগের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)—এর নির্বাহী প্রকৌশলী তুষার আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বৃষ্টিপাতের ঘাটতি সুনামগঞ্জের নদ—নদী ও হাওরের পানির স্বাভাবিক প্রবাহে কী প্রভাব ফেলতে পারে?
তুষার আহমদ: উজানে বৃষ্টিপাত কম হওয়ায় নদীর প্রবাহ কমে যাচ্ছে এবং হাওরের পানি দ্রুত কমছে। তবে এক বছরের তথ্য দিয়ে এটিকে দীর্ঘস্থায়ী জলবায়ু সমস্যা বলা কঠিন। আরও দীর্ঘ সময়ের তথ্য বিশ্লেষণ প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাওরের মাছ ও জীববৈচিত্র্যে এর কী প্রভাব পড়তে পারে?
তুষার আহমদ: পানি দ্রুত কমে গেলে মাছের বিচরণ ও আবাসস্থল সংকুচিত হতে পারে। পানির তাপমাত্রা বাড়লে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে মাছের জন্য সংকট তৈরি হতে পারে। জলজ উদ্ভিদ ও অন্যান্য জলজ প্রাণীর উপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বৃষ্টির ঘাটতি দীর্ঘস্থায়ী হলে কৃষি ও মানুষের জীবন—জীবিকায় কী প্রভাব পড়তে পারে?
তুষার আহমদ: শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে না পারলে কৃষকদের সেচের পানির ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করে সেচ দেওয়া এলাকায় সমস্যা বেশি হতে পারে। পানির স্তর নিচে নেমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: নদ—নদী ও হাওরের ভারসাম্য রক্ষায় কী প্রস্তুতি রয়েছে?
তুষার আহমদ: পানি নিষ্কাশনের পথ চিহ্নিত করতে উপজেলা পর্যায়ে কৃষক ও মৎস্যজীবীদের মতামত নেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন ও নদী খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা কমাতে নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণের সম্ভাব্য স্থান নিয়েও সমীক্ষা চলছে। 

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বৃষ্টিপাত কম হওয়ার মূল কারণ কী?
তুষার আহমদ: বৈশ্বিক আবহাওয়ার প্রভাবের পাশাপাশি এ বছর নিম্নচাপের কার্যক্রম কম থাকাও বৃষ্টিপাত কম হওয়ার একটি কারণ হতে পারে। তবে বিষয়টি দীর্ঘমেয়াদি কি না, তা বুঝতে আরও সময়ের তথ্য বিশ্লেষণ প্রয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার