প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২০:০৭
জেলার রাজারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ প্রতিষ্ঠান অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কানন বন্ধু রায় মারা গেছেন। শনিবার সন্ধা ছয়টা ১২ মিনিটে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন রেখে গেছেন।
প্রয়াতের ভাতিজা কাঞ্চন রায় শনিবার রাত আটটায় জানান, কানন বন্ধু রায় লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সন্ধ্যা ছয়টা ১২ মিনিটে মারা যান তিনি। রাতেই প্রয়াতের মরদেহ তাহিরপুরের রাজারগাঁওয়ের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই ভোর রাতে শেষ কৃত্য সম্পন্ন হবে।
কানন বন্ধুর মৃত্যুতে অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুলসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করে পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে কানন বন্ধু রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পৃথক শোক বার্তায় জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আসাদুল, সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাদল তালুকদার ও সাধারণ সম্পাদক মো. দবিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন