প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২৩:৩০
মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা শাখার দ্বি—বার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মধ্যনগর বাজারে আয়োজিত সম্মেলনে মো. আসরাফ উদ্দিন হিল্লোল কে সভাপতি ও মো. বিদ্যা মিয়া কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক মো. আসরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
বক্তারা হাওরের ফসলরক্ষা বাঁধ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট বন্ধের দাবি জানান। পাশাপাশি পর্যটন ব্যবস্থাপনা, গ্রামীণ যোগাযোগ, কৃষক ও জেলেদের অধিকার, স্বাস্থ্য—শিক্ষার উন্নয়ন, নদীভাঙন রোধ এবং নদ—নদী ও জলাশয় দখলমুক্ত করার দাবি জানানো হয়।
মধ্যনগর উপজেলায় হাওর উন্নয়নকেন্দ্রিক প্রকল্পগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যথাসময়ে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
কমিটির সহসভাপতি হয়েছেন মো. মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক ও খসরুজ্জামান কবির। যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কানু, সাংগঠনিক সম্পাদক কাইয়ূম বাদশা ও জিহাদ মিয়া। এছাড়াও বিভিন্ন পদে আরও সদস্য রয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন