প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২৩:৩১
সুনামগঞ্জ পৌর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় শতবর্ষপূর্তি আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সভা হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক নাসরীন আক্তার খানম, অ্যাডভোকেট হেলেনা বেগম, প্রাক্তন শিক্ষার্থী রেজওয়ানুল হক রাজা, সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সাংবাদিক লতিফুর রহমান রাজু, ব্যবসায়ী বিমল বণিক, সায়মা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।
সভায় বক্তারা বলেন, তিন কালের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ শতবর্ষে পদার্পণ করেছে। এটি শহরের শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য আলোকবর্তিকা। বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে একটি সর্বজনীন ও সম্মানজনক শতবর্ষপূর্তি উৎসব উদযাপন করা অত্যন্ত জরুরি।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পুনরায় একটি বিস্তৃত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় শতবর্ষপূর্তি উদযাপনের মূল রূপরেখা চূড়ান্তকরণসহ একটি পূর্ণাঙ্গ উদযাপন কমিটি গঠন করা হবে।
ঐতিহাসিক এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা অনুরাগী শুভানুধ্যায়ীদের আগামী শনিবারের সভায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত আহবান জানানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন