বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা 

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১০:৪১

সংগৃহীত ছবি 

ফিফা উইন্ডোর দ্বিতীয় প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। রোববার বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে অলবিসেলেস্তারা।

 

 

এর আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ফলে দুই ম্যাচ মিলিয়ে কোনো গোল হজম না করেই ১১ গোল দেওয়ার দারুণ কীর্তি গড়ল তারা।

 

 

ম্যাচের বাঁশি বাজার চার মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর অগাস্টিন জিয়াইকে ফাউল করেন বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো, তাতে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট-কিক থেকে লাউতারো মার্তিনেসের প্রথম শটটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক রাজাক গুইরা। তবে ফিরতি বলে সময়মতো বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়াতে ভুল করেননি মার্তিনেস।

 

 

জাতীয় দলের হয়ে এটি ছিল মার্তিনেসের টানা দ্বিতীয় গোল। বলিভিয়ার বিপক্ষেও উদ্বোধনী গোলটি এসেছিল তার পা থেকেই। আলবিসেলেস্তেদের হয়ে ৮৬ ম্যাচে ৪২ গোল করা মার্তিনেস এখন আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার (৫৪ গোল) রেকর্ড ছোঁয়ার দিকে এগোচ্ছেন। ১২৫ গোল নিয়ে তালিকায় সবার ওপরে আছেন অধিনায়ক লিওনেল মেসি।

 

 

আক্রমণের ধার বজায় রেখে ম্যাচের অষ্টম মিনিটে ব্যবধান ২-০ করে আর্জেন্টিনা। আবার সেই দিয়ালোর ভুলেই গোল পায় স্বাগতিকরা। ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বুরকিনা ফাসোর এই ডিফেন্ডার।

 

 

কয়েক মিনিট পর ম্যাচের ১২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ডি-বক্সে ঢুকে নেওয়া এক শক্তিশালী শটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি নিশ্চিত করেন তিনি। ম্যাচের ১৫ মিনিট পার হওয়ার আগেই প্রতিপক্ষকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় স্কালোনির দল।

 

 

৩৫ তম মিনিটে ফাকা জায়গায় দুর্দান্ত এক রান নিয়ে গোল করে ব্যবধান ৪-০ করেন নিকোলাস পাজ। ঠিক পরের মিনিটেই স্কোরবোর্ডে নাম লেখান হুলিয়ান আলভারেস। ফলে ৫-০ গোলের বড় ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

 

 

বিরতির পরও আক্রমণের কোনো খামতি ছিল না স্কালোনি শিষ্যদের। ৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলের খাতা খোলেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্কোরলাইন ৬-০ করেন এই তরুণ ফরোয়ার্ড। মনুমেন্তালে এটি মাস্তানতুওনোর বিশেষ মুহূর্তগুলোর একটি- রিভার প্লেটে খেলার সময়ও এই মাঠে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেছিলেন তিনি।

 

 

পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিতে দেয়নি স্বাগতিকরা। একের পর এক আক্রমণ সাজিয়ে বুরকিনা ফাসোর রক্ষণে কম্পন ধরিয়ে দেয় তারা। অবশেষে যোগ করা সময়ে জুলিয়ানো সিমিওনে ম্যাচের শেষ গোলটি করলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার