শয্যা ২৫০, হাজারো রোগী সেবা পাচ্ছেন

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ২৩:০৯

২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক, ওষুধ ও জনবল সংকটের চিত্র উঠে এসেছে ব্যবস্থাপনা কমিটির সভায়। হাসপাতালের শয্যা ২৫০টি হলেও কার্যত সেবা দিতে হচ্ছে প্রায় এক হাজার রোগীকে। অথচ বরাদ্দ রয়েছে মাত্র আড়াইশো রোগীর ওষুধের।

 


রবিবার দুপুরে হাসপাতালের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূরুল ইসলাম। এছাড়[াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালালুদ্দিন মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগসহ কমিটির অন্য সদস্যরা। সভায় চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও ওষুধ সংকট, বর্জ্য ব্যবস্থাপনা এবং হাসপাতালকে দালালমুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

 


তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, হাসপাতালে জনবলের ঘাটতি রয়েছে। শিশু বিভাগে কনসালটেন্ট মাত্র দুইজন, অথচ ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৩৫০। এর সঙ্গে আউটডোরের রোগীও দেখতে হয়, ফলে চিকিৎসকদের ওপর চাপ তৈরি হয়। মেডিসিন বিভাগে কনসালটেন্ট তিনজন, তাঁদের আড়াইশো থেকে তিনশো রোগী দেখতে হয়। আউটডোরে একজন চিকিৎসক দুইশর বেশি রোগী দেখেন।
জনবলের পাশাপাশি সাপ্লাই ম্যানেজমেন্টকেও বড় সমস্যা হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, হাসপাতাল সুষ্ঠুভাবে চালাতে অন্তত ৬০০—৭০০ রোগীর ওষুধের ব্যবস্থা থাকা প্রয়োজন, কিন্তু পাওয়া যাচ্ছে সর্বোচ্চ আড়াইশো রোগীর। অথচ প্রতিদিন ৬০০—৭০০ জনকে, কখনো ৮০০—৯০০ জনকে ওষুধ দিতে হচ্ছে। এতে স্টোরের ওপর সরাসরি চাপ পড়ছে। এভাবে চললে এক মাসের ওষুধ এক সপ্তাহেই শেষ হয়ে যাবে। তাই শুরু থেকেই কম পরিমাণে ওষুধ দিতে হয়। তিনি বলেন, সুনামগঞ্জের প্রায় ২৮ লাখ মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র এই সদর হাসপাতাল, তাই সবাইকে মিলে এই ঘাটতি পূরণে এগিয়ে আসতে হবে।

 


জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির তথ্যের ভিত্তিতে দালালদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া হাসপাতালে কেউ সহিংস আচরণ করলে বা সমস্যা সৃষ্টি করলে তত্ত্বাবধায়ক কে পুলিশের সহায়তা নেওয়ার কথা বলেন তিনি।

 


তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের সংসদ সদস্যের মাধ্যমে যেসব বিষয় আনা সম্ভব, তার একটি তালিকা করে সংসদ সদস্যকে দেওয়া হলে ভালো হয়। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা এবং হাসপাতালের জন্ম—মৃত্যুর তথ্য সংরক্ষণের আহ্বান জানান তিনি।

 


সভাপতির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে তাঁর পক্ষে যতটুকু সম্ভব, তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এজন্য কী করণীয়, তা তাঁকে জানাতে হবে। তিনি বলেন, অতীতে অনেক অভিযোগ শুনেছেন, কিন্তু সভায় এসে জেনেছেন হাসপাতাল ২৫০ শয্যার হলেও কার্যক্রম চলছে ১০০ শয্যার। ওষুধসহ অন্যান্য উপকরণ ২৫০ শয্যার জন্য বরাদ্দ থাকলেও রোগী সেবা পাচ্ছেন প্রায় এক হাজার।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার