আগামী শীতে সারা দেশে সাংস্কৃতিক উৎসব পালিত হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১১:০০

সংগৃহীত ছবি 

আসছে শীতে সারা দেশে সাংস্কৃতিক উৎসব পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এজন্য তরুণ সমাজকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

 

শনিবার (৩ অক্টোবর) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

একই সঙ্গে দিনব্যাপী ‘রং তুলিতে হবিগঞ্জের প্রকৃতি ও পর্যটন’ শীর্ষক আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার অসিত বরন চৌধুরী।

 

 

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আগামী শীতে সারা দেশে সাংস্কৃতিক উৎসব পালিত হবে৷ নাটক, পল্লিগীতি, লালন, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত সবকিছুই হবে৷ ছেলেমেয়েদের প্রস্তুত হতে হবে৷ সবাই মিলে দেশটাকে গড়তে হবে৷

 

 

তিনি আরও বলেন, সারা দেশে কেমন যেন একটি অস্থিরতা পরিবেশ বিরাজ করছে৷ আমরা নিরাপদ সমাজ গড়তে চাই৷ আমাদের ছেলেমেয়েদের একসঙ্গে নাচতে হবে, গাইতে হবে, আবৃত্তি করতে হবে৷ সাংস্কৃতিক সম্ভাবনাকে আরও বিকশিত করতে হবে আমাদের।

 

 

পরে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি আর্ট ক্যাম্প ঘুরে দেখেন।

 

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী প্রদর্শনীতে ৩২০ জন নবীন ও তরুণ শিল্পীর ৪৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এসব চিত্রকর্মে হবিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দেশাত্মবোধ, প্রকৃতি, পর্যটন ও জনজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি জুলাই বিপ্লবসহ বিভিন্ন বিষয়ভিত্তিক শিল্পকর্মও প্রদর্শিত হয়।

 

 

‘রং তুলিতে হবিগঞ্জের প্রকৃতি ও পর্যটন’ শীর্ষক আর্ট ক্যাম্পে অংশ নেন হবিগঞ্জের ২৪ জন গুণী চারুশিল্পী।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার