বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ছিল ৪.৫ কেজি স্বর্ণ

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১৩:০৮

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণেরবার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। 

 


শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মালয়েশিয়ান নাগরিক ইয়াং ডন সিউ (৪৩) নামে ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

কাস্টমস হাউস সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর মালয়েশিয়ান নাগরিক ইয়াং ডন সিউকে সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হয়।

 

পরে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

 

 

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি—মোট নয়টি স্বর্ণেরবার রয়েছে। বারগুলো ২৪ ক্যারেট মানের। এগুলো কালো কাপড়ের তৈরি একটি বেল্টে মুড়িয়ে যাত্রীর শার্টের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।

 

 

কাস্টমস সূত্র আরও জানায়, ওই যাত্রী স্বর্ণের বিষয়ে কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি। এছাড়া স্বর্ণের বৈধতা প্রমাণে কোনো নথি বা প্রয়োজনীয় দলিলও দেখাতে পারেননি।

 

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী আইনগত কার্যক্রমের জন্য স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনে যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র : যুগান্তর .কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার