মেধাবী শিক্ষার্থী মিলিকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:০৫

মধ্যনগরে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করা মেধাবী শিক্ষার্থী মিলি রানী চন্দকে সম্মাননা ও বই উপহার দিয়েছে নেত্রকোনার কলমাকান্দার সামাজিক সংগঠন ‘মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন’। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গলহা গ্রামে মিলি রানীর বাড়িতে গিয়ে তার ও তার মায়ের হাতে সম্মাননা ও বই উপহার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

 


মিলি রানী চন্দ উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের পাশাপাশি পুরো উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে সে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ‘মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন’—এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুর রহমানসহ সংগঠনের সদস্যদের। পরে তার মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতে তাকে সম্মাননা ও বই উপহার দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।

 


সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুর রহমান, সহসভাপতি শাহাদাৎ হোসেন, কার্যক্রম বাস্তবায়ন কমিটির সমন্বয়ক রাফিন মুন্না ও মোস্তাকিম শেখ শুভ, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মীর শামীম আহমেদ সৌরভ, ক্রীড়া বিষয়ক সমন্বয়ক আরিফ মিয়া, সমাজসেবা বিষয়ক সমন্বয়ক সোহাগ মিয়া এবং দুর্যোগ বিষয়ক সমন্বয়ক হেলিম মিয়া। এ সময় মিলি রানীর মা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গলহা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 


সংগঠনের সভাপতি আশিকুর রহমান বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সম্পদ তার মেধা, পরিশ্রম ও স্বপ্ন। সেই মেধাকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করা সমাজের সবার দায়িত্ব। মিলিকে উৎসাহিত করতে এবং অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতেই আমাদের এই উদ্যোগ।

 


মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি ও গলহা গ্রামের বাসিন্দা এমএ মান্নান বলেন, মিলি রানী চন্দ গলহা তথা মধ্যনগরের কৃতী সন্তান। তার এমন সাফল্যে তাকে অনুপ্রেরণা জোগানো আমাদের দায়িত্ব। মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন তাকে সম্মাননা দেওয়ায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানাই। মিলি তার শিক্ষা জীবন সাফল্যের সাথে শেষ করে মধ্যনগর তথা দেশকে এগিয়ে নিতে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

 


সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মিলি রানী চন্দ বলে, মানবতার দুর্গ প্রথমবারের মতো আমার অর্জনকে স্বীকৃতি দিয়েছে। আমি এই সংগঠনের সফলতা কামনা করি।

 


মিলি রানীর মা বলেন, আমার মেয়ে জীবনে এই প্রথম কোনো সম্মাননা পেয়েছে। আমরা এই ভালোবাসা ও সহযোগিতার কথা আজীবন মনে রাখব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার