প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:২২
শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার চার ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ও কলকলিয়া এবং শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান। পুরো প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিম আক্তার।
১০ ও ১১ অক্টোবর শনি ও রবিবার দিনব্যাপী চলবে এই প্রশিক্ষণ। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সঠিক তথ্য সংগ্রহ ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ট্রেনিং সেশন চলাকালে প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিম আক্তার বলেন, তথ্য সংগ্রহকারীরা এবং সুপারভাইজাররা যেনো নির্ভুলভাবে রাষ্ট্রীয় এ কাজটি করতে পারেন এজন্য পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ক্রমান্বয়ে এই প্রশিক্ষণ চলবে।
ইউএনও হিল্লোল চাকমা বলেন, ফামিলি কার্ড সরকারের প্রতিশ্রম্নত একটি বিষয়। রাষ্ট্রের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এই কাজটি করবেন তারা অবশ্যই সচেতনতার সাথে কাজটি করতে হবে। তিনি বলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের উপর অর্পিত দায়িত্ব সততা ও নির্ভুলতার সাথে করলে আমরা অবশ্যই ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারব।
উপজেলার খবর থেকে আরো পড়ুন