দুর্গাপূজায় মাদক, ইভটিজিং ও গুজব প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০০:২০

সুনামগঞ্জ জেলার ৪৪৪ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, মাদক ও ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিষয় নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় আলোচনা করেছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. শেরেনুর আলী এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে যথাক্রমে ৫২ ও ৩১টি পূজামণ্ডপসহ জেলার ৪৪৪টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কতটা প্রস্তুত?


অ্যাডভোকেট শেরেনুর আলী: পূজার নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিক নেতাকর্মীদেরও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জেলার দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন অটুট থাকে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: পূজামণ্ডপগুলোতে এবারের আয়োজন ও প্রস্তুতি কেমন?
বিপ্রেশ কুমার রায় বাপ্পি: জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। সুনামগঞ্জে হিন্দু—মুসলমান একসঙ্গে উৎসব উদযাপন করেন। এবারও সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে চাই। উপজেলা ও মণ্ডপ কমিটিগুলোও প্রস্তুতি নিচ্ছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: পূজার সময় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন?
অ্যাডভোকেট শেরেনুর আলী: এসব বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করতে রাজনৈতিক নেতাকর্মীরাও সচেতন রয়েছেন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বিদ্যুৎ, অগ্নিনিরাপত্তা, যাতায়াত ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় আপনাদের প্রস্তুতি কী?
বিপ্রেশ কুমার রায় বাপ্পি: প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল থাকবে। নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক চলাচলের পথ রাখার পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ সরবরাহে সমস্যা এড়াতে জেনারেটর ও বিকল্প আলোর ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা গুজব ছড়াচ্ছে কি না, সেদিকে নজর রাখতে পূজা কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?
অ্যাডভোকেট শেরেনুর আলী: পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পালাক্রমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো মণ্ডপ ফাঁকা না থাকে। প্রশাসন ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেছে। কোনো উসকানিমূলক বক্তব্য বা গুজব ছড়ালে তা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে। একটি বিচ্ছিন্ন ঘটনার প্রভাব যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে আপনাদের বিশেষ দাবি বা প্রত্যাশা কী?


বিপ্রেশ কুমার রায় বাপ্পি: প্রতিমা তৈরির কাজ চলার সময় থেকেই নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মণ্ডপ কমিটিগুলোকে নিজস্ব পাহারার ব্যবস্থা করতে এবং সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহিত করা হয়েছে। কোথাও সিসি ক্যামেরা না থাকলে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, পূজার আগে ও উৎসব চলাকালে সার্বক্ষণিক নজরদারি থাকুক।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বয় কীভাবে বাড়ানো যায়?
অ্যাডভোকেট শেরেনুর আলী: প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, পূজা কমিটি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে দলীয় পর্যায়েও নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করা হচ্ছে।

 


বিপ্রেশ কুমার রায় বাপ্পি: সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। অতীতের মতো এবারও সব ধর্মের মানুষের সহযোগিতায় দুর্গাপূজা সম্পন্ন করতে চাই। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ক, এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার