প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২০:৩০
পৃথক অভিযান
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, লাইসেন্সবিহীন অবৈধ করাতকল বন্ধ এবং এলপিজি গ্যাস বিক্রয়কেন্দ্রে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত ১২ ও ১৩ অক্টোবর পরিচালিত এসব অভিযানে জরিমানা আদায়, কারাদণ্ড প্রদান এবং অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
১২ অক্টোবর পরিচালিত মাদকবিরোধী অভিযানে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়। এ সময় দুইজনকে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই দিন উপজেলার মঙ্গলকাটা এলাকায় পরিচালিত অন্য একটি অভিযানে একটি লাইসেন্সবিহীন করাতকলের যন্ত্রাংশ জব্দ করে সেটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।
১৩ অক্টোবর এলপিজি বিক্রয়কেন্দ্রে তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ লঙ্ঘনের দায়ে ২ টি পৃথক মামলায় ২ জন ব্যবসায়ীকে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিনে শহরের তেঘরিয়া এলাকায় পুনরায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দায়ের করা ১টি মামলায় ১ জনকে ৫০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানগুলোতে যৌথভাবে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, জনস্বার্থ রক্ষা, মাদকের বিস্তার প্রতিরোধ, অবৈধ করাতকল বন্ধ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন