প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২২:৩৯
ধোপাজান, যাদুকাটা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে নদীর পাড় কেটে খননযন্ত্র, ড্রেজার ও শ্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়। এতে বলা হয়, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকা, বসতবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ আদায় এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও সদস্য ইসলাম উদ্দিন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন