নির্মল আনন্দে উদযাপিত হচ্ছে দুর্গোৎসব : জেলা প্রশাসক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৯:৪৭

মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ছবি -সু.খবর

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ও পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। শনিবার বেলা ১১টার দিকে তাঁরা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এসআরবি, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থার খোঁজ নেন তাঁরা।


জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সারা বাংলাদেশেই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জেও নির্মল আনন্দের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হচ্ছে। আমি ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছি, যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন। আমরা দেখেছি, সবকিছুই ঠিক আছে। পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। দুর্গোৎসব পালনে আমরা সবার সহযোগিতা কামনা করছি।


পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, রাষ্ট্র ও সরকার চায়, হিন্দু ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন। এ লক্ষ্যেই জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দ কোনো সমস্যার কথা জানাননি। তাদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের বিষয়ে আমরা আশাবাদী।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার