হৃদরোগে আক্রান্ত ১০ বছরের রবিউল, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২২:০২

ছবি -সু.খবর

বয়স মাত্র ১০ বছর। ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রবিউল রহমান। অন্য শিশুদের মতো তারও স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় হওয়ার, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার। কিন্তু জন্মগত হৃদরোগ তার স্বাভাবিক জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন বাবা উবায়দুল রহমান। চা বিক্রি করে কোনোমতে সংসার চালানো এই বাবার পক্ষে ছেলের অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় প্রায় ৫ লাখ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।
রবিউলের বাড়ি দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তার বাবা উবায়দুল রহমান চা বিক্রি করে পরিবারের ভরণপোষণ করেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। ছোট মেয়ে আদিলা আক্তারের বয়স মাত্র তিন বছর। সীমিত আয়ে সংসার চালাতেই যেখানে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়, সেখানে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিউল জন্মগত হৃদরোগে (হার্টে ছিদ্র) আক্রান্ত। ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে ধারদেনা করে অনেক টাকা খরচ করেছেন উবায়দুল রহমান। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেও এখন আর চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না তিনি। রবিউলের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। কিন্তু চা বিক্রি করে উপার্জন করা সামান্য অর্থ দিয়ে এই ব্যয় মেটানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
যে বয়সে রবিউলের স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে কঠিন অসুস্থতার সঙ্গে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় দিন কাটছে বাবা—মায়ের। একদিকে ছেলেকে সুস্থ করে তোলার আকুলতা, অন্যদিকে অর্থের অভাব—এই দুইয়ের মধ্যে অসহায় হয়ে পড়েছেন তাঁরা।

ছেলের চিকিৎসার কথা বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে উবায়দুল রহমান বলেন, ছেলের চিকিৎসার জন্য ধারদেনা করে সব শেষ করেছি। এখন অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন। আমি চা বিক্রি করে সংসার চালাই। এত টাকা কোথায় পাব? আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে অনুরোধ, আপনারা আমার ছেলেটার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
রবিউলের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার