প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২১:১২
ছবি -সু.খবর
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয় ও পরিষদ মাঠে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা—আবর্জনা অপসারণ এবং বাজারের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে নিজ হাতে ঝাড়ু নিয়ে অংশ নেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন।
ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয় ও মাঠে জমে থাকা ময়লা—আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর প্রেক্ষাপটে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোও ছিল এ অভিযানের অন্যতম উদ্দেশ্য।
অভিযান চলাকালে চেয়ারম্যান শেখ আবুল হোছাইন নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার—পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা—কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান শেখ আবুল হোছাইন বলেন, পরিষ্কার—পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ইউনিয়ন পরিষদ, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বাংলাবাজারের ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যেখানে—সেখানে ময়লা—আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না। নির্দিষ্ট স্থানে ময়লা—আবর্জনা জমা রাখতে হবে, যাতে সহজেই সেগুলো অপসারণ করা যায়। পাশাপাশি সাধারণ জনগণকেও যত্রতত্র ময়লা না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সদস্যরা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উল্লাহ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অসীম দাস অমিতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন