ছিনতাইয়ের অভিযোগে শিমন গ্রেফতার

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২০:৫৮

সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি রোডে পথরোধ করে ধারালো চাকুর ভয় দেখিয়ে তিনজনের মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে শিমন চৌধুরী (৩০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটক শিমন চৌধুরী সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহীন চৌধুরী।

 


মামলার এজাহার সূত্রে জানা যায়, ছিনতাইয়ের শিকার শহরের পশ্চিম নতুনপাড়ার মোজাম্মেল হোসেন চৌধুরীর ছেলে ফারহান হোসেন রাফি চৌধুরী দুই বন্ধুকে নিয়ে ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কালীবাড়ি রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে শিমনসহ কয়েকজন তাদের পথরোধ করে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা কয়েকজন নারী ও পুরুষ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের মোবাইল ফোন ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ওই মানিব্যাগে নগদ ২০ হাজার টাকা ছিল বলে অভিযোগ করেন বাদী।

 


এ ঘটনায় ফারহান হোসেন রাফি চৌধুরী বুধবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শিমন চৌধুরীকে আটক করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নারীকে ব্যবহার করে হেনস্তা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে শিমন নামের এক তরুণকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই এবং হানিট্র্যাপের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে বলে জানান তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার