প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২৩:০৭
তাহিরপুরে যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— তাহিরপুর উপজেলার বড়গোপটিলা এলাকার বাসিন্দা মো. বাছির (৩৭) ও মো. মোসাদ্দেক (৪৫)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর নির্ধারিত ইজারা সীমানার বাইরে গিয়ে একদল অসাধু চক্র নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে জড়িত থাকা অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ জানান, যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন