প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২৩:০৩
তাহিরপুর সীমান্তে বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে আছে লোহার সেতু। তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের সড়ক যোগাযোগের জন্য মাটিকাটা গ্রামের পাশে এই লোহার সেতুটির অবস্থান। এ সেতুর উপর দিয়ে চলাচলকারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। মঙ্গলবার রাতে ইউনিয়নের মাটিকাটা গ্রামের মনু মিয়া নামে এক ব্যক্তি এ সেতুর উপর দিয়ে চলাচলের সময় সেতুর ভাঙা ছিদ্রে পড়ে গুরুতর আহত হয়ে বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
এলাকাবাসীসূত্রে জানা যায়, ২০১৫ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মাটিকাটা গ্রামের পাশে এই লোহার সেতুটি নির্মাণ করা হয়। নীচে পাকা পিলারের উপর লোহার পাত দিয়ে এ লোহার সেতুটি নির্মাণ করা হয়। সম্প্রতি পাকা পিলার ভেঙে নীচে পড়ে যাওয়ায় স্থানীয়দের উদ্যোগে বাঁশের খুটির উপর কোন রকম সেতুটিকে টিকিয়ে রাখা হয়েছে। বর্তমানে ঝুঁকির উপরে ইউনিয়নের লোকজন চলাফেরা করছেন। যে কোন সময় এলাকার লোকজন প্রাণহানি ঘটতে পারে বলে শঙ্কায় রয়েছেন। এলাকাবাসীর দাবি, বড়ছড়া শুল্ক স্টেশনে যাতায়াতে তাদের এ লোহার সেতুটির উপর দিয়ে যেতে হয় বিধায় দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামত করে দেয়ার।
বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ আলম বলেন, তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার লোকজনের চলাচলের সুবিধার্থে পরিষদের ফান্ড থেকে লোহার সেতুটি নির্মাণ করেছিলেন। ২০২২ সাল থেকে সেতুটি নড়বড়ে অবস্থায় পড়ে আছে। সেতুতে প্রায়ই লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছেন।
আহত মনু মিয়ার ভাতিজা মিলন আহমেদ জানান আমার চাচা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী একতা বাজার থেকে মোটরসাইকেলে সার, আলুর বীজ নিয়ে লোহার সেতুর উপর দিয়ে আসার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
বড়দল দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলা পরিষদের সমন্বয় সভাতে দাবি তুলে আসছেন সেতুটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য। সম্প্রতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পরিদর্শন করে গেছেন। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যেই সেতুটি মেরামত করে দিবেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, মাটিকাটা গ্রামের মানুষের অভিযোগের প্রেক্ষিতে তিনি উপজেলা প্রকৌশলীকে নিয়ে লোহার সেতুটি সরজমিনে পরিদর্শন করেছেন। সেতুর দুর্দশা দেখে তিনি উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেয়ার জন্য। এছাড়াও সেতুটি স্থায়ীভাবে নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন নতুন করে প্রাক্ষলন ও ডিজাইন প্রস্তুত করার জন্য।
উপজেলার খবর থেকে আরো পড়ুন