বীরগাঁওয়ে মাদকের বিস্তার

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২৩:০৫

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদক ছড়িয়ে পড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিয়নের প্রায় সব বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহল। এ নিয়ে একাধিক সচেতনতা সভা করেছেন স্থানীয় তরুণ সমাজ। ৭ নম্বর ওয়ার্ডে গঠন করা হয়েছে ৫১ সদস্য বিশিষ্ট মাদক বিরোধী কমিটি। মাদকের এমন বাড়বাড়ন্তে তৎপরতা দেখাচ্ছে শান্তিগঞ্জ পুলিশ প্রশাসনও। মাদক, অনলাইন জুয়া, মারামারি ও সামাজিক অবক্ষয় রোধে সম্প্রসারিত বিট পুলিশিং সভাও করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পূর্ব বীরগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়া পয়েন্টের ফজলুল হক মার্কেটে এই সভা সম্পন্ন হয়। 

 


সাংবাদিক আতিকুর রহমান রুয়েবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শালিস ব্যক্তিত্ব শামসুন নূর মিয়া, হরমুজ আলী, রেজাউল করিম, সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জহির রায়হান, ইউপি সদস্য আবদুল বাচিত, এসআই নূরুজ্জামান, এসআই মোখলেস আহমেদ ও এএসআই আমির উদ্দিন।
সূত্র জানায়, বীরগাঁও ইউনিয়নের একাধিক জায়গায় মাদক ছড়িয়ে পড়েছে। মাদক কারবারি থেকে শুরু করে মাদক সেবী, অনলাইন জুয়ারি এমনকি আশঙ্কাজনক হারে সামাজিত অবক্ষয়ও দেখা দিয়েছে। একাধিক সংঘর্ষের ঘটনা সামাজিক অবক্ষয়ের একটি অংশ। তাছাড়া মাদক সেবন ও ব্যবসায় কিশোর বয়সী থেকে শুরু করে যুবক ও বৃদ্ধ ব্যক্তিরাও রয়েছেন। একাধিক কৌশল অবলম্বন করে মাদক বিক্রি করে থাকেন তারা।

 


বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণকে ঘিরে বসে মাদকের আখড়া। ৭ নম্বর ওয়ার্ডের বীরগাঁও পশ্চিম পাড়া টেলিটক টাওয়ারের নিচে দেখা মিলে মাদক সেবী ও ব্যবসায়ীদের আনাগোনা। এদিকে, ৮ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করে যেনো মাদকের মেলা বসে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব এলাকায় চলে মাদকের আনাগোনা। এছাড়াও, ভ্রাম্যমাণ মাদক কারবারিরা তো আর আছেনই।   

 


ইউনিয়নে মাদক এতো সহজলভ্য হয়ে যাওয়ায় কিশোর, যুবক ও বৃদ্ধরা সহজেই জড়িয়ে পড়ছেন মাদক সেবনে। যা সমাজে মারাত্মক অবক্ষয় ডেকে আনছে। 
উদ্বেগে প্রকাশ করেছেন জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকুরী করা গ্রামের সচেতন সন্তান ও অভিভাবকরা। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে যদি মাদকের এমন বিস্তার রোধ করা না যায় তাহলে বীরগাঁও ইউনিয়নের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। পাশাপাশি সামাজিক অবক্ষয় বাড়বে। নতুন প্রজন্ম একটি অসুস্থ পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠবে। তাই মাদক বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; বিশেষ করে পুলিশ প্রশাসনকে তৎপরতার সাথে কাজ করতে হবে। 

 


সাবেক সেনা সদস্য জহির রায়হান, ইউপি সদস্য আবদুল বাসিত ও অভিভাবক দোলেন আহমদ বলেন, মাদক সামাজিক একটি ব্যাধী। সমাজকে গোড়া থেকে ধ্বংস করে দেয়। আমাদের ইউনিয়নে আশঙ্কাজনক হারে মাদক ছড়িয়ে পড়েছে। আমরা চাই, যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে বেঁচে থাকুক। অনলাইন জুয়া থেকে বেঁচে থাকুক। এ নিয়ে আমরা কাজ করছি। যারা মাদক সেবন করে বা ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করেছি।  তাদের অভিভাবকদের সাথে কথা বলবো। সংশোধনের একটা সুযোগ আমরা দেবো। নজরদারিতে রাখবো। তারপরও যদি এরা ঠিক না হয় তাহলে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবো। 
বীরগাঁও গ্রামের সন্তান, ইংল্যান্ড প্রবাসী আকবর বলেন, আমরা প্রবাসে থাকি। যখন নিজ মাতৃভূমি নিয়ে নেতিবাচক সংবাদ আমাদের দেখতে হয় তখন কলিজা এফোঁড়ওফোঁড় হয়ে যায়। দুঃখ লাগে। আমরা ইউনিয়নে মাদক দেখতে চাই না কিংবা কোনো রকমের সংঘাত সংঘর্ষও দেখতে চাই না। এজন্য আমাদের যা যা করণীয় আমরা তা করবো। আর্থিক সহযোগিতা সহ সব ধরণের সহযোগিতা করবো। 

 


পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান—১ রুজেল আহমদ বলেন, আমি মাদকের সম্পুর্ণ বিরোধী। মাদক সমাজটিকে ধ্বংস করে দিচ্ছে। ইউনিয়নবাসী, তরুণ সমাজ যারাই মাদকের বিরুদ্ধে থাকবে আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। আমি নিজেও উদ্যোগ গ্রহণ করবো। ইউনিয়নের সব ওয়ার্ডের মানুষদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মাদককে নির্মুল করতে যা করতে হয় করবো। 

 


বিট পুলিশিং সভায় পূর্ব বীরগাও বিটের দায়িত্ব প্রাপ্ত এসআই নুরুজ্জামান ভুঁইয়া বলেন, ওসি স্যারের দিকনির্দেশনায় আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর সহযোগিতা পেলে আরো বেশি কাজ করে যাবো। পূর্ব বীরগাও ইউনিয়নে কোনো অবস্থাতেই মাদক, অনলাইন জুয়া সহ্য করা হবে না। আমরা সব সময় জনগনের সেবায় পাশে আছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার