প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ২২:০৪
বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, উচ্চ শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা প্রদানের লক্ষ্যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)—এর উদ্যোগে স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পুসাবের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক রবিউল আউয়ালের সার্বিক তত্ত্বাবধানে ‘গাইডলাইনমূলক’ স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই দিকনির্দেশনামূলক আলোচনা পরিচালনা করা হয়।
প্রধান আলোচক হিসেবে শিক্ষাথীদের কাছে তাদের পড়ালেখা সহজিকরণ পদ্ধতি ও বিষয়ভিত্তিক ভালো ফলাফল অর্জনের কৌশল এবং কার্যকর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং পুসাবের বর্তমান কমিটির সভাপতি আবুল হাসনাত। পাশাপাশি তিনি পুসাবের পরিচিতি, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ সম্পর্কে মৌলিক ধারণা এবং এসএসসি—পরবর্তী কলেজ ভর্তি প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন। এছাড়া উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ভালো ফলাফলের গুরুত্ব তুলে ধরেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর সরকার। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়ুন রশীদ বিষয়ভিত্তিক প্রস্তুতি ও ফলাফল উন্নয়নের বিভিন্ন কৌশল তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান পুসাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ভারতী রাণী পাল ও সহকারী শিক্ষক আবু হানিফা উপস্থিত ছিলেন।
দিকনির্দেশনামূলক আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৮ম শ্রেণির শিক্ষার্থী কৌশী আচার্য্য, দ্বিতীয় স্থান ৮ম শ্রেণীর শিক্ষার্থী রুহী চৌধুরী, তৃতীয় স্থান ৯ম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত আক্তার, ৪র্থ স্থান অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুবামা রহমান এবং ৫ম স্থান ৯ম শ্রেণীর মোজাম্মেল হোসেন। বিজয়ীদের পুরুষ্কার হিসেবে জ্যামিতি বক্স, খাতা, স্কেল ও কলম প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে পুসাবের বর্তমান সভাপতি আবুল হাসনাত বলেন, বিশ্বম্ভরপুরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে পুসাব দীর্ঘ একযুগ ধরে কাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের স্কুলিং প্রোগ্রাম। শিক্ষার্থীদের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক ধারণা দিতে ভবিষ্যতেও পুসাব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে শিক্ষকদের হাতে পুসাবের বার্ষিক প্রকাশনী ম্যাগাজিন ‘সায়র’ এর ত্রয়োদশ সংখ্যা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে পুসাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা, জনকল্যাণ ও এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন