প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২১:৪৭
জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রত্যয় স্কুল’ এ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক রিলিফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
.jpg)
আলোচনা সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব, সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যসচেতন করে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের জন্য ব্যবহারিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার বিভিন্ন ধাপ প্রদর্শন করা হয়। এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়— আসুন, নিজেরা নিয়মিত হাত ধুই, শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি এবং একটি সুস্থ—সুন্দর জীবন নিশ্চিত করি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন