রাধারমণ দত্তের সমাধিস্থল এলাকায় গানবাজনা বন্ধে আবেদন

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৪৩

বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের দিরাইয়ের একটি পারিবারিক অনুষ্ঠানে নারী শিল্পীদের বাউল গানে বাধা ও আপত্তি দেওয়ার পর এবার ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তের গ্রামেও (জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে)  গানবাজনা বন্ধের আবেদন করেছে একটি পক্ষ। তবে অতিরিক্ত জেলা প্রশাসক বলেছেন, বন্ধের আবেদনের বিষয়ে জানা নেই। ওখানে রাধারমণ দত্তের প্রয়াণ দিবসের অনুষ্ঠান হবে এটা জানি।

 


এদিকে গত সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন কমিটি নামে একটি সংগঠন। কেশবপুর কবরস্থান সংলগ্ন এলাকায় গানবাজনা কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আবেদন জানানো হয়।

 


গান বাজনার বন্ধে আবেদনকারীরা উল্লেখ করেছেন, কেশবপুর বাজার সংলগ্ন কবরস্থান এলাকায় মরমী সাধক রাধারমণ দত্তের নামে গানবাজনা করার অনৈসলামিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার শান্তি—শৃঙ্খলা অবনতির আশঙ্কা করছেন ইসলামিক অর্গানাইজেশন কমিটির সদস্যরা। জনস্বার্থে এ কার্যক্রম বন্ধের আবেদন জানিয়েছেন তারা। আবেদনে গ্রামের বাসিন্দা কাদির মিয়া, রফিক মিয়া, মো. তৈমুর আলী, আনকার, খালেদ, সোহেল, মো. রফিকুল, জাহাঙ্গীর, আবু মিয়া, মো. রফিক আলী, দিলা মিয়া, ওয়াহিদ, ইকবাল, আবু তাহের, আওলাদ, তারেক মিয়াসহ অনেকেই স্বাক্ষর করেছেন।

 


অভিযোগের বিষয়ে জগন্নাথ উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন গণমাধ্যম কর্মীদের বললেন, রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশানসনের পরামর্শে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করবে। তবে এখনও কোন সীদ্ধান্ত হয় নি। আগামী ১ তারিখে একটা প্রস্তুতিমূলক সভা আছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অনুষ্ঠান হয় উপজেলা সদর এলাকায়। অন্য কোন আয়োজন আছে বলে জানা নেই। কোন সাংস্কৃতিক সংগঠন এমন আয়োজনের অনুমোদন নেয় নি। রাধারমন দত্তের সমাধিস্থলের পাশে কবরস্থান রয়েছে, গানের আয়োজন শুনে হয়তো অভিযোগ করেছেন স্থানীয়রা।

 


অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খাঁন বললেন, রাধারমণ দত্তের প্রয়াণ দিবসের অনুষ্ঠান হবে এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কথা বলেছেন, বন্ধ রাখার কোন আবেদনের বিষয়ে কথা হয় নি।
কেশবপুর গ্রামের বাসিন্দা উপজেলা ক্রীড়া সংগঠক আবু হেনা রনি বলেন, ২০২৩ সালের আগ পর্যন্ত রাধারমণ দত্তের সমাধি এলাকায় প্রতি বছরই দুই দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হত। সংসদ সদস্য, জেলা প্রশাসক, ইউএনওসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। দুই বছর ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে না। এর পাশে কবরস্থান রয়েছে ঠিক, কিন্তু কবরস্থানতো আগেও ছিল। তখনতো কেউ অনুষ্ঠান করতে বাধা আপত্তি করেন নি।

 


এর আগে ২২ অক্টোবর দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে বাউল গানের আসর বন্ধে পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। আপত্তি থাকলেও মধ্যরাতে হাতিয়া গ্রামে সীমিত পরিসরে এ আয়োজন হয়েছিল। ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শওকত আলী তার  এ আয়োজন করেছিলেন। এছাড়াও গত ৫ অক্টোবর দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির বাধার মুখে দিরাই উপজেলা সদরের স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার