পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে সেই ৩০ শিক্ষার্থী

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৪৮

ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সেই ৩০ শিক্ষার্থীকে অবশেষে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিদ্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এডহক কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী রবিবার থেকে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোও ৩০ শিক্ষার্থীর জন্য পরবর্তীতে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

 


প্রাক নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় ওই ৩০ শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার থেকে বিদ্যালয়টিতে নির্বাচনী পরীক্ষা শুরু হলেও তারা পরীক্ষার বাইরে ছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বুধবার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে জরুরি সভায় সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। 

 


২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য গাছতলা উচ্চ বিদ্যালয়ের ১১১ শিক্ষার্থী প্রস্তুতি নিচ্ছিল। তাদের সবাই প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। তবে একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় ৩০ শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় নি। এতে তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি নিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেনও আপত্তি জানান। তিনি ওই ৩০ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য প্রধান শিক্ষককে গত মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন। তবুও প্রধান শিক্ষক তাদের সিদ্ধান্তে অটল ছিলেন। সংবাদ প্রকাশের পর তাঁরা সভায় বসে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থী অভিভাবক জিয়া উদ্দিন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তে ওই ৩০ শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের বাধা দূর হলো। এখন তাদের সামনে নিজেদের প্রস্তুতি ও যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে।

 


এদিকে বুধবার সভার পর সিদ্ধান্ত জানতে প্রধান শিক্ষক সুমিতা বালা তালুকদারকে মুঠোফোনে কল করা হলে, তিনি রেগে গিয়ে বলেন, পত্রিকায় লিখলে তো সভা করতেই হবে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হারুন অর রশিদ সরকার বলেন, সভায় সকলের সম্মতিক্রমে ৩০ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবার থেকে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার