প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৩৪
‘জলবায়ুর অভিঘাত পেরিয়ে, গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মুক্তমঞ্চে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ‘এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট’ (ইরা) বাস্তবায়িত জলবায়ুভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং সুইডেন দূতাবাস।
দিবস উপলক্ষে উপজেলার পলাশ, বাদাঘাট দক্ষিণ ও ফতেপুর ইউনিয়ন থেকে আসা শতাধিক নারীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নারী নেতৃত্ব ও ক্ষমতায়নবিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন নিয়ে র্যালিটি উপজেলা পরিষদ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে উপজেলা পয়েন্ট প্রদক্ষিণ করে।
পরে মুক্তমঞ্চে আলোচনা সভা, গ্রামীণ নারীদের সাফল্যের গল্প তুলে ধরা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন। এছাড়াও বক্তব্য দেন ইরার সিআরইএ প্রকল্পের ব্যবস্থাপক মো. বদরুজ্জামান রনি। ইরার প্রকল্প কর্মকর্তা ওছিউর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত গ্রামীণ নারীদের জীবন—জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নানা চ্যালেঞ্জ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নারীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা গ্রামীণ নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁরা নারীদের সৃজনশীল উদ্যোগ ও উৎপাদিত পণ্যের প্রশংসা করেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের উপর সহিংসতা প্রতিরোধ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী নারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন